বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
জ্বালানি পাম্প মালিক ও বিশেষজ্ঞরা আজ অভিযোগ করেছেন, মোটরসাইকেল চালকদের অতিরিক্ত জ্বালানি নেওয়ার প্রবণতা বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষাপটে ফিলিং স্টেশনগুলোতে আতঙ্কজনিত ভিড় (প্যানিক রাশ) বাড়িয়ে তুলছে, বিশেষ করে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে প্রধান সরবরাহ পথ ব্যাহত হওয়ায়।
কয়েকজন পাম্প মালিক জানান, বিশেষ করে রাইড শেয়ারিংয়ে যুক্ত বাইকাররা প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি দাবি করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
রমনা পেট্রোল পাম্প অ্যান্ড সার্ভিস স্টেশনের জ্বালানি বিতরণকর্মী সুলতান মিয়া বাসসকে বলেন, ‘তারা (বাইকাররা) মূলত এই আতঙ্কজনিত ভিড় তৈরি করছে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ জ্বালানি মজুত করছে। ট্যাংক খালি করে আবার তেল নিতে ফিরে আসছে।’
তিনি বলেন, অনেক সময় তারা ছোট কন্টেইনার ও বোতলেও জ্বালানি নিতে আসেন। তবে ঘটনাস্থলে থাকা এক বাইকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, জীবিকার জন্য রাইড শেয়ারিং করায় তাদের জ্বালানি প্রয়োজন।