বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
দেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। এরপর গত ডিসেম্বর থেকে টানা তিন মাস ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার।
চলতি মাসের প্রথম ১৪ দিনে দৈনিক গড়ে এসেছে প্রায় ১৫ কোটি ৭৫ লাখ ডলার। ব্যাংকাররা জানিয়েছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে সাধারণত এ সময় রেমিট্যান্স বাড়ে। পাশাপাশি ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন।
এ ছাড়া আগামী বুধবার থেকে টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনাও অনেককে আগেভাগে অর্থ পাঠাতে উৎসাহিত করেছে।
চলতি অর্থবছরের এ পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৪৬৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ দশমিক ৬০ শতাংশ বেশি। আর গত অর্থবছর রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।